Views Bangladesh Logo

বগুড়ায় ড্রেনে রক্তাক্ত কুকুর, প্রধানমন্ত্রীর নির্দেশে অভিযুক্ত গ্রেপ্তার

বগুড়া শহরের কানুচগাড়ি এলাকায় ড্রেনে ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা একটি কুকুরের ছবি নজরে আসার পর আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই নির্দেশের পরিপ্রেক্ষিতে সোমবার (২৯ জুন) রাতেই মামলা দায়েরের পাশাপাশি চাকুসহ মো. স্বপন (৪৫) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ বিষয়ে মঙ্গলবার (৩০ জুন) দুপুরে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ জানান, প্রধানমন্ত্রীর নির্দেশের পরপরই কুকুরকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বাওয়া) বগুড়া শাখার আহ্বায়ক কমিটির সদস্য এমরান হোসেন বাদী হয়ে এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করেন।

বগুড়া ডিবির ওসি ইকবাল বাহার ও মামলা সূত্রে জানা যায়, গ্রেপ্তার স্বপন বগুড়া মহানগরীর কানুচগাড়ি পুকুরপাড় এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে এবং পেশায় ফার্নিচার ব্যবসায়ী। সোমবার রাতে মোবাইল ফোনে খবর পেয়ে কানুচগাড়ি এলাকার ইন্ডিপেনডেন্ট হাসপাতালের পশ্চিম পাশের গলিতে যান এমরান হোসেন। সেখানে যাওয়ার পর ড্রেনে রক্তাক্ত জখম অবস্থায় কুকুরটি পড়ে থাকতে দেখেন তিনি। স্থানীয় বাসিন্দা এস এম সাদিকুল ইসলাম ও রাফিদ ইয়াসাদের সহায়তায় পরে কুকুরটিকে উদ্ধার করা হয়। দা, বঁটি বা ধারালো কোনো অস্ত্র দিয়ে কুকুরটির পিঠে আঘাত করা হয়েছিল, যার ক্ষত প্রায় মেরুদণ্ড পর্যন্ত পৌঁছে গিয়েছিল। গুরুতর আহত অবস্থায় কুকুরটিকে মহানগরীর জলেশ্বরীতলায় একটি পশু চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়।

বিষয়টি জেলা প্রাণিসম্পদ দপ্তরে জানান এমরান হোসেন। এরপর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী আশরাফুল ইসলাম, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রায়হান, ভেটেরিনারি সার্জন ডা. লুৎফর রহমান ও পেটস কনসালটেন্সির ডা. আকাশের সমন্বয়ে গঠিত চিকিৎসক দল কুকুরটির চিকিৎসা শুরু করে। প্রয়োজনীয় অস্ত্রোপচার ও চিকিৎসা শেষে কুকুরটির শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে।

এ ঘটনায় সোমবার রাতেই পেনাল কোডের বিভিন্ন ধারায় সদর থানায় মামলা করেন এমরান হোসেন। এর পরিপ্রেক্ষিতে মধ্যরাতে মহানগরীর মালতিনগর বকশিবাজার এলাকা থেকে অভিযুক্ত ব্যবসায়ী স্বপনকে গ্রেপ্তার করে পুলিশ।

ডিবির ওসি ইকবাল বাহার জানান, গ্রেপ্তারের সময় স্বপনের কাছ থেকে একটি অত্যাধুনিক বার্মিজ চাকু জব্দ করা হয়েছে, যার ভিত্তিতে তার বিরুদ্ধে অস্ত্র আইনে সদর থানায় আরেকটি মামলা দায়ের করা হয়। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে স্বপনকে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ