খাগড়াছড়িতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক
খাগড়াছড়ির সদর উপজেলায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
মঙ্গলবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সিঙ্গিনালা এলাকায় এ ঘটনা ঘটে।
আটক মোহাম্মদ শরিফ হোসেন স্থানীয় এহসানুল হক ওরফে রুবেল ভান্ডারির বাড়িতে গরুর ঘাস কাটার কাজ করতেন।
ভুক্তভোগীর পরিবারের সদস্যদের অভিযোগ, সকালে স্কুলে যাওয়ার পথে শিশুটিকে একা পেয়ে শরিফ পাশের একটি জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি বিষয়টি তার এক সহপাঠী ও বিদ্যালয়ের এক শিক্ষিকাকে জানায়।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়কিসলু জানান, ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন