Views Bangladesh Logo

প্রধানমন্ত্রীর উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’, রাজশাহীতে গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলামের স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর পোস্ট ছড়ানোর অভিযোগে রাজশাহী থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার ব্যক্তির নাম পলাশ চৌধুরী (৪৮)। তিনি রাজশাহী নগরীর মালোপাড়া এলাকার বাসিন্দা।

র‌্যাব-৫ জানায়, শুক্রবার ভোরে নগরীর রাণীবাজার এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে মামলার আসামি হিসেবে আটক করা হয়েছে।

র‌্যাবের তথ্য অনুযায়ী, গত ২ জুলাই প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা নুর মোহম্মদ রাজধানীর গুলশান থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করেন। মামলায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন ফেসবুক আইডি, গ্রুপ, পেজ ও টেলিগ্রাম চ্যানেলে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সহধর্মিণীকে নিয়ে মিথ্যা, অশ্লীল ও মানহানিকর বক্তব্য প্রচার করা হয়। পরে এসব পোস্ট বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ায় ভুক্তভোগীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয় এবং তিনি মানসিকভাবে হেয় প্রতিপন্ন ও ব্ল্যাকমেইলের শিকার হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এর আগে একই মামলায় চারজনকে গ্রেপ্তার করেছিল গুলশান থানা পুলিশ। সেই মামলার তদন্তের ধারাবাহিকতায় এবার পলাশ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব দাবি করেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাশ চৌধুরী ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গুলশান থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ