Views Bangladesh Logo

'ফাঁদে' ফেলে মিরপুরের ১৩ তরুণীকে 'ধর্ষণ', অভিযুক্ত গ্রেপ্তার

নারীদের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে রাশেদুল ইসলাম রাব্বি (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, রাব্বি তরুণীদের বিভিন্নভাবে প্রলুব্ধ করে ফাঁদে ফেলত এবং পরে তাদের ধর্ষণ করত।

পুলিশ জানায়, রাশেদুল মূলত মিরপুর এলাকার মেয়েদের টার্গেট করত। তাদেরকে যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় নিজের আস্তানায় নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালাত এবং সেই ঘটনার ভিডিও ধারণ করত। গত দুই মাসে সে এ ধরনের ১৩টি ঘটনা ঘটিয়েছে।

সব ভুক্তভোগীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-কমিশনার মালিক আহসান উদ্দিন সামী বুধবার (১৫ এপ্রিল) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

ডিসি জানান, সম্প্রতি যাত্রাবাড়ীর দনিয়া এলাকা থেকে রাশেদুলকে গ্রেপ্তার করা হয়। তার স্থায়ী ঠিকানা মুন্সীগঞ্জের পুরান কামারগাঁও এলাকায়। তার বাবার নাম শাহজাহান মল্লিক।

আহসান উদ্দিন সামী বলেন, গ্রেপ্তার রাব্বি ফেসবুকে ভুয়া আইডি খুলে মেয়েদের কণ্ঠে কথা বলে এক ভুক্তভোগীর মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেয়। পরে সেই ফোনে থাকা সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ও সিম ব্যবহার করে ওই ভুক্তভোগীর বন্ধু তালিকার স্কুল-কলেজপড়ুয়া মেয়েদের টার্গেট করত।

মেয়েদের কণ্ঠে কথা বলে বন্ধুত্ব গড়ে তুলে উপহার দেওয়ার প্রলোভন দেখিয়ে যাত্রাবাড়ীর গোলাবাড়ী মোড়ের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যেত। সেখানে জোরপূর্বক ধর্ষণ করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করত।

এরপর সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে নিয়মিত অর্থ আদায় করত।

প্রাথমিকভাবে পর্নোগ্রাফি সংক্রান্ত একটি অভিযোগের ভিত্তিতে রাশেদুলকে গ্রেপ্তার করা হয়। তখন তার কাছ থেকে পাঁচজন ভুক্তভোগীর পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে তদন্তে আরও ১০টি অভিযোগের তথ্য পাওয়া যায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ