Views Bangladesh Logo

জাবির নারী ওয়াশরুমে গোপন ভিডিও ধারণ, যুবক আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) নারী ওয়াশরুমে গোপনে ভিডিও করার অভিযোগে এক বহিরাগত যুবককে আটক করেছেন শিক্ষার্থীরা। পরে তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

আটক যুবকের নাম রিয়াজ আহমেদ, যিনি রাজ নামে পরিচিত। কেরানীগঞ্জের বাসিন্দা এই যুবক আরএফএল ইলেকট্রনিক্স গ্রুপের ব্রাঞ্চ ম্যানেজার পদে কর্মরত বলে জানা গেছে।

মঙ্গলবার (৩০ জুন) রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে তাকে আটক করা হয়।

ভুক্তভোগীর সহপাঠী ও অভিযোগপত্র সূত্রে জানা গেছে, টিএসসির নারী ওয়াশরুমে প্রবেশ করেন রিয়াজ। সেখানে এক নারী শিক্ষার্থী তাকে দেখে ফেলে পরিচয় ও ওয়াশরুমে প্রবেশের কারণ জানতে চান। তবে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে না পারায় বিষয়টি বাইরে অবস্থানরত অন্য শিক্ষার্থীদের জানায় ওই শিক্ষার্থী।

পরে উপস্থিত শিক্ষার্থীরা রিয়াজকে আটক করে তার মোবাইল ফোন যাচাই করেন। ফোনে পাওয়া যায় নারী শিক্ষার্থীদের অজান্তে ধারণ করা একাধিক ভিডিও। এর পাশাপাশি ফোনে এমন কয়েকটি টেলিগ্রাম চ্যানেলের সন্ধান পাওয়া যায়, যেগুলোর সঙ্গে এ ধরনের ভিডিও আদান-প্রদানের সংশ্লিষ্টতা থাকার অভিযোগ রয়েছে। এমনকি তার ফোনে আগে ধারণ করা নারীদের বেশ কয়েকটি ভিডিওও পাওয়া যায়।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা ও প্রক্টোরিয়াল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং দেয় আশুলিয়া থানা পুলিশকে খবর দেওয়া হয়। প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্তকে পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, ‘এ ধরনের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। বিষয়টি জানার পর প্রক্টোরিয়াল টিম দ্রুত ঘটনাস্থলে যায়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এ ব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর আলী বলেন, ‘অভিযুক্তের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করা হবে। মামলা হওয়ার পর তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ