মাদারীপুরে ঘরে ঢুকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলমগীর হাওলাদার (৫৫) নামে একজনকে তার বসতঘরে ঢুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় বসতঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নতুন মাদারীপুর গ্রামের মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সঙ্গে একই এলাকার হাসান মুন্সির মধ্যে বিরোধ চলছিল। সোমবার সকালে মনিরুজ্জামানের সমর্থক ও চাচাতো ভাই আলমগীর হাওলাদারের বসতঘরে ঢুকে হামলা চালায় প্রতিপক্ষ হাসান মুন্সির লোকজন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই আক্রমণে আলমগীর হাওলাদারকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। এ সময় তার একটি হাত বিচ্ছিন্ন হয়। হামলাকারীরা বসতঘর ভাঙচুর ও লুটপাটও চালায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগেও হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাগুলো ঘটেছে। আলমগীর হাওলাদারের মৃত্যুর পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তাই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত সন্দেহে মাসুদ ব্যাপারী নামে একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে