মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবার যাবজ্জীবন কারাদণ্ড
বান্দরবানে সৎ মেয়েকে ধর্ষণের দায়ে আপুই মং মারমা (৬৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (২৭ মার্চ) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাব্যুনাল আদালতে সিনিয়র জেলা ও দায়রা জজ জেবুন্নাহার আয়শা এই রায় আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আপুই মং মারমা রোয়াংছড়ি সদর ইউনিয়নের থোয়াই অংগ্য পাড়া গ্রামে মৃত সাপ্রু অং মারমার ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, ১২ বছর আগে আপুই মং মারমাকে বিয়ে করেন ভুক্তভোগী শিশুটির মা। বিয়ের পর তিনি তার তিন বছরের কন্যা শিশুকে নিয়ে স্বামীর বাড়িতে চলে আসেন। শিশুটি সেখানে লালিত-পালিত হতে থাকে।
তবে গত ২০২০ সালে ১৫ নভেম্বর থেকে ২০২১ সালে ৩০ জুন পর্যন্ত বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে নিজের সৎ মেয়েকে ধর্ষণ করে আসছিলেন আপুই মং মারমা। একপর্যায়ে শিশুটি গর্ভবতী হয়ে একটি কন্যা সন্তান প্রসব করে। ঘটনাটি জানাজানি হলে মেয়েটির মা তার স্বামী আপুই মং মারমার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন।
তিন বছর পর আদালতে সত্যতা প্রমাণিত হওয়ায় আসামি আপুই মং মারমাকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানাসহ অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের রায় আদেশ দেন আদালত।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাব্যুনাল আদালতে পাবলিক প্রসিকিউটর বাসিং থুয়াই মারমা সত্যতা নিশ্চিত করে জানান, আদালতে সত্যতা প্রমাণিত হওয়ায় সৎ বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানাসহ অনাদায়ে আরো এক বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে