‘আমার মৃত্যু হবে নারীর কারণে’ লিখে ফেসবুকে পোস্ট, পরে মিলল ঝুলন্ত মরদেহ
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নে নীরব ইমন নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তিনি ফেসবুকে ‘আমার মৃত্যু হবে একটা নারীর কারণে’ লিখে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছিলেন।
সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার পোমরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মালিরহাট এলাকার সামতালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যরা নিজ কক্ষের ভেতরে নীরব ইমনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানায়, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে নীরব ইমন নিজের ফেসবুক আইডিতে একাধিক পোস্ট করেন। একটি পোস্টে তিনি লেখেন, ‘মানুষের মৃত্যু হয় কিছু কারণে, অকারণে। কিন্তু আমার মৃত্যু হবে একটা নারীর কারণে, তার ফ্যামিলির কারণে।’
অন্য একটি পোস্টে তিনি ব্যক্তিগত সম্পর্ক, মানসিক কষ্ট ও হতাশার কথা উল্লেখ করে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয়দের দাবি, নীরব ইমন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরিবারের সদস্যরা জানান, তিনি বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৫ জুলাই নীরব ইমনের বিরুদ্ধে এক কিশোরীকে উত্ত্যক্ত করার অভিযোগ রাঙ্গুনিয়া মডেল থানায় জমা পড়ে। পরে ২৪ জুলাই উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হয়। সে সময় তিনি লিখিত অঙ্গীকারনামায় ভবিষ্যতে ওই কিশোরীকে কোনো ধরনের উত্ত্যক্ত, অনুসরণ, মানসিক হয়রানি বা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করবেন না বলে প্রতিশ্রুতি দেন।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং মৃত্যুর আগে দেওয়া ফেসবুক পোস্টসহ ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
মতামত দিন