Views Bangladesh Logo

সাতক্ষীরায় স্বামীর লাথিতে স্ত্রীর মৃত্যু, মেয়ের শোকে মারা গেলেন বাবা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় স্বামীর লাথিতে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। একই ঘটনায় মেয়ের মৃত্যুশোকে তার বাবা স্ট্রোক করে মারা গেছেন বলে জানিয়েছে পরিবার।

শুক্রবার (৮ মে) রাতে কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের চন্ডীতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাজিদা খাতুন (৩৫) ওই এলাকার মনিরুল ইসলামের স্ত্রী। তাদের দুই সন্তান রয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ, পারিবারিক কলহ ও দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে স্বামী মনিরুল ইসলাম এবং তার পরিবারের সদস্যরা সাজিদাকে মারধর করেন। একপর্যায়ে স্বামীর লাথিতে তিনি গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়। পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

স্থানীয়দের বরাতে জানা যায়, ঘটনার পর কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এ ঘটনায় নিহতের স্বামী মনিরুল ইসলামসহ পরিবারের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। তবে পরে মামলার তালিকা থেকে কিছু নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের স্বজনরা। এ নিয়ে রোববার (১০ মে) কালিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা।

নিহতের ভাই মো. আব্দুল খালেক অভিযোগ করেন, শুরুতে একাধিক ব্যক্তিকে আসামি করা হলেও পরে তালিকা ছোট করা হয়েছে, ফলে প্রকৃত অপরাধীরা আড়ালে থেকে যাচ্ছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও সব অভিযুক্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানান।

এদিকে মেয়ের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে রোববার সন্ধ্যায় সাজিদার বাবা কেরামত মোল্লা স্ট্রোক করে মারা যান বলে পরিবার জানিয়েছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, মামলার তদন্ত চলছে এবং নিরীহ কেউ যাতে হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ