ভৈরবে আইনশৃঙ্খলা বাহিনীর তাড়া খেয়ে একজনের মৃত্যুর অভিযোগ
কিশোরগঞ্জের ভৈরবে ভোটকেন্দ্র এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাড়া খেয়ে রাজ্জাক মিয়া (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আগানগর ইউনিয়নের আগানগর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।
রাজ্জাক মিয়া আগানগর দক্ষিণপাড়ার আলাল উদ্দিন মিয়ার ছেলে। পরিবার জানায়, সকালে নাশতা করে ভোট দিতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। ভোট দিয়ে বের হওয়ার পর কেন্দ্রসংলগ্ন আগানগর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য খায়রুল ইসলামের বাড়িতে বসেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর একটি গাড়ি সেখানে পৌঁছায়। সদস্যরা কেন্দ্রের বাইরে অবস্থানরত লোকজনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং কয়েকজনকে লাঠিপেটা করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় রাজ্জাক মিয়া দৌড়ে সরে যাওয়ার চেষ্টা করলে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কিশোর কুমার ধর বলেন, রাজ্জাক মিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরে আঘাতের আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
সাবেক ইউপি সদস্য খায়রুল ইসলাম বলেন, রাজ্জাক মিয়া তার বাড়িতে বসে ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িতে এলে তিনি দৌড়ে বের হন এবং পড়ে যান।
বেলা দেড়টার দিকে রাজ্জাক মিয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, মরদেহ উঠানে রাখা হয়েছে এবং স্থানীয় লোকজন সেখানে জড়ো হয়েছেন। নিহতের বড় ছেলে মোরতুজা আলী অভিযোগ করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর তাড়া খেয়েই তাঁর বাবা পড়ে যান ও মারা যান।
এ বিষয়ে বক্তব্য জানতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে