Views Bangladesh Logo

আইফোন কিনতে সন্তান বিক্রির অভিযোগে বাবা আটক, শিশু উদ্ধার

পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের ছেলেসন্তানকে প্রায় এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগে মারুফ মুন্সি (২২) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। শিশুটিকেও উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, আইফোন কেনার টাকা জোগাড় করতেই সন্তানকে বিক্রি করেছিলেন তিনি।

রোববার (৩০ আগস্ট) রাতে ঢাকার থেকে মারুফকে দশমিনা থানায় আনা হয়। একই সময়ে গলাচিপা উপজেলার চরবিশ্বাস এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

মারুফ দশমিনা উপজেলার বড় গোপালদী গ্রামের মফিজ মুন্সির ছেলে। তিনি ঢাকায় রাজমিস্ত্রির কাজ করেন।

পুলিশ ও পরিবারের সদস্যদের ভাষ্য, মারুফের সঙ্গে স্ত্রী বৃষ্টি আক্তারের পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে তারা আলাদা বসবাস শুরু করেন। এরপর শিশুটির দেখাশোনা করছিলেন তার দাদি মাহফুজা বেগম।

মাহফুজা বেগমের অভিযোগ, শনিবার সকালে মারুফ শিশুটিকে ঘুরতে নিয়ে যান। সন্ধ্যা হলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। পরে তারা জানতে পারেন, ঢাকায় মারুফের সহকর্মী ইমরান হোসেনের শ্বশুর মহিবুল টাকার বিনিময়ে শিশুটিকে নিয়েছেন।

পরিবারের দাবি, শিশুটির দাম এক লাখ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে ৫২ হাজার টাকা অগ্রিম নিয়ে লিখিতভাবে শিশুটিকে হস্তান্তর করা হয়। ওই টাকা ও নিজের পুরোনো আইফোনের সঙ্গে অতিরিক্ত টাকা যোগ করে মারুফ নতুন আইফোন কেনেন বলেও অভিযোগ করেছে পরিবার।

তবে সন্তান বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন মারুফ। পুলিশ হেফাজতে তিনি দাবি করেন, ধারদেনা শোধ করার জন্য সহকর্মী ইমরান ও তার শ্বশুরের কাছ থেকে ৫২ হাজার টাকা নিয়েছেন। সন্তানকে বিক্রি নয়, লালন-পালনের জন্য তাদের কাছে দিয়েছেন।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং মারুফকে আটক করে।

ওসি জানান, পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ না থাকায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে জটিলতা রয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ