বগুড়ায় চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ মে) ভোররাতে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সেলিম মিয়া (৪০)। তিনি কাহালু উপজেলার পীলখঞ্জ গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, ভোররাতে কয়েকজন মাটির দেয়াল কেটে গোপাল চন্দ্রের বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয়ে যায়।
পরে পালানোর চেষ্টা করলে সেলিম মিয়াকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
ঘটনার পর শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে