Views Bangladesh Logo

জামালপুরে মাছ ধরার জাল চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে মাছ ধরার জাল চুরির অভিযোগে নুর মোহাম্মদ (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার বেলগাছা ইউনিয়নের বারুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুর মোহাম্মদ গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দরপাড়া এলাকার ময়ন শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে একটি ছোট নৌকায় করে নুর মোহাম্মদসহ তিনজন যমুনা নদীর বারুল এলাকায় যান। এ সময় স্থানীয় জেলেদের কেউ কেউ তাদের মাছ ধরার জাল চুরি করতে এসেছেন বলে সন্দেহ করেন। পরে কয়েকজন জেলে তাদের নৌকা নিয়ে ধাওয়া করেন।

ধাওয়া খেয়ে তারা গুঠাইল এলাকার দিকে চলে যান। সেখানে আরও কয়েকজন জেলে তাদের ধাওয়ায় যোগ দেন। পরে উলিয়া এলাকায় তাদের ধরে ফেলা হয়। এ সময় স্থানীয় জেলেরা তাদের মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

মারধরের একপর্যায়ে ঘটনাস্থলেই নুর মোহাম্মাদের মৃত্যু হয়। আহত অপর দুজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মাছ ধরার জাল চুরির সন্দেহে স্থানীয়রা ওই তিনজনকে ধাওয়া করে এবং পরে ধরে মারধর করেন। এতে একজন মারা গেছেন এবং দুজন আহত হয়েছেন।

তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ