Views Bangladesh Logo

সীতাকুণ্ডে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগের জেরে অভিযুক্তকে পিটিয়ে হত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক যুবককে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগের জেরে মো. ইরান (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। এ সময় তার বসতবাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৬ জুলাই) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার ৪ নম্বর মুরাদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত মো. ইরান ওই ইউনিয়নের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তিনি তালিকাভুক্ত মাদক কারবারি ছিলেন। তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় দুটি হত্যা মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম জানান, কয়েক দিন আগে ইরান ও তার সহযোগীদের বিরুদ্ধে নাঈম নামে এক যুবককে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ ওঠে। গুরুতর দগ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার নাঈমের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

ওসি আরও বলেন, নাঈমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রোববার গভীর রাতে স্থানীয় লোকজন ইরানকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে উত্তেজিত জনতা তার বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ইরানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ