Views Bangladesh Logo

ফরিদপুরে লিচু পেড়ে খাওয়ার প্রতিবাদ করায় বাগান মালিককে পিটিয়ে হত্যা

ফরিদপুরের সালথা উপজেলায় গাছ থেকে লিচু পেড়ে খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে আজিজুর রহমান মোল্লা (৬৫) নামে এক বাগান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে। নিহত আজিজুর রহমান ফুলবাড়িয়া গ্রামের গুপিনগর পাড়ার মৃত মান্নান মোল্যার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনার সূত্রপাত হয় আজিজুর রহমানের লিচু বাগান থেকে লিচু পেড়ে খাওয়াকে কেন্দ্র করে। পার্শ্ববর্তী সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল গ্রামের সাকিল মুন্সী ও তুষার মুন্সী ওই বাগান থেকে লিচু পেড়ে খেলে আজিজুরের ছেলে আকরাম মোল্লা তাতে বাধা প্রদান করেন। এই তুচ্ছ ঘটনা নিয়ে তর্কের জেরে বিকেলে ফুলবাড়িয়া বাজারে আকরাম মোল্লার ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে।

ছেলের ওপর হামলার খবর পেয়ে সন্ধ্যায় কারণ জানতে ফুলবাড়িয়া বাজারে যান আজিজুর রহমান মোল্লা। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সেখানে পৌঁছানোর পর শাকিল ও তুষার মুন্সীসহ তাদের সহযোগীরা আজিজুরের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বাঁশ দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক আজিজুর রহমানকে মৃত ঘোষণা করেন।

এই হত্যাকাণ্ডের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ বলেন, “লিচু পাড়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এক ব্যক্তিকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।“

তিনি আরও জানান যে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ