চট্টগ্রামে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া সুন্নিয়া মাদ্রাসা এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। শুক্রবার (২২ মে) দুপুরে এ ঘটনা ঘটে। পরে উত্তেজিত জনতার মধ্যে প্রায় দুই ঘণ্টা আটকে থাকার পর অভিযুক্তকে উদ্ধার করে থানায় নেয় পুলিশ।
পুলিশ জানায়, খবর পেয়ে দুপুরের দিকে ঘটনাস্থলে যায় ডবলমুরিং থানা পুলিশ। তবে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে বিক্ষুব্ধ জনতা পুলিশকে ঘিরে ফেলে। দীর্ঘ সময় চেষ্টার পর পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিতে সক্ষম হয়।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, পুলিশ প্রায় দুই ঘণ্টা ঘটনাস্থলে অবরুদ্ধ অবস্থায় ছিল। পরে অভিযুক্তকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি বাড়ির বাইরে বের হলে অভিযুক্ত ব্যক্তি তাকে নির্জন স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে আটক করেন। পরে উত্তেজিত জনতা ওই ব্যক্তিকে মারধর করে।
এদিকে নির্যাতনের শিকার শিশুটিকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল–এর ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বলছে, অভিযোগের তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে