Views Bangladesh Logo

নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

নড়াইল সদর উপজেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করল স্বামী। এই ঘটনায় অভিযুক্ত স্বামী সাকিব শেখকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে।

মঙ্গলবার (৫ মে) মধ্যরাতে সদর উপজেলার বাহিরগ্রাম এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত চাঁদনী আক্তার খাদিজা (২০) খুলনার ফুলতলা উপজেলার আলকা গ্রামের কালাম শেখের মেয়ে। অভিযুক্ত সাকিব শেখ একই এলাকার দামোদার গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার খুলনার ফুলতলা থেকে নড়াইল সদর উপজেলার বাহিরগ্রামে খালা শাশুড়ির বাড়িতে সপরিবারে বেড়াতে আসেন সাকিব ও চাঁদনী দম্পতি। সাকিব মাদকাসক্ত ও কর্মবিমুখ হওয়ায় তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো। এর জেরে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ঘরে ঘুমন্ত অবস্থায় চাঁদনীকে বটি দিয়ে কুপিয়ে জখম করে সাকিব। স্বজনরা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ঘটনাটি ‘দুর্ঘটনা’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও তদন্ত কর্মকর্তাদের সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদের মুখে বেরিয়ে আসে প্রকৃত ঘটনা।

এ ব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু বলেন, হাসপাতালে নেওয়ার পর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, অসাবধানতাবশত বটির ওপর পড়ে গিয়ে চাঁদনী আহত হয়েছেন। কিন্তু ঘটনাস্থলের আলামত এবং সাকিবের কথাবার্তায় অসংলগ্নতা পাওয়ায় আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি। পরে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ