নওগাঁয় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
পুলিশ নওগাঁর ধামুইরহাটে খাবারের প্রলোভন দেখিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মতিবুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মইশড় গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া মতিবুল ইসলাম উপজেলার মইশড় এলাকার মোকলেছুর রহমানের ছেলে। এদিকে ভুক্তভোগী শিশুটি এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
ভুক্তভোগী শিক্ষার্থীর মা জানায়, আমার মেয়ে বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় মতিবুল খাবার দেওয়ার কথা বলে তার বাড়িতে নিয়ে গিয়ে আমার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। আমার মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। মেয়েকে রক্তাক্ত অবস্থায় ভ্যানে করে ধামুইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাই। মেয়ের অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার পরামর্শ দিলে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করাই। আমি এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
এদিকে এ বিষয়টি নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নজরে এলে তিনি হাসপাতালে পাঠান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয়ব্রত পালকে। তিনি ওই শিক্ষার্থীকে দেখে আসেন এবং চিকিৎসককে সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ করেন।
ধর্ষণের অভিযোগে ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম । তিনি বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। শিশু এবং নারী ধর্ষকদের বিরুদ্ধে জেলা পুলিশ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে