Views Bangladesh Logo

একাই ৩৮টি অনলাইন জুয়ার অ্যাপ পরিচালনা করতেন যুবক, ডিবির হাতে গ্রেপ্তার

ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ একটি স্মার্টফোন ব্যবহার করে নিজের নামে নিবন্ধিত ৩৮টি অনলাইন ক্যাসিনো অ্যাপ পরিচালনার অভিযোগে খোরশেদ আলী (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মালিগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে খোরশেদকে গ্রেপ্তারের পর তার ব্যবহৃত স্মার্টফোন জব্দ করা হয়। প্রাথমিক ডিজিটাল ফরেনসিক পরীক্ষায় ফোনে ৩৮টি অনলাইন ক্যাসিনো–সংশ্লিষ্ট অ্যাপ পাওয়া যায়। অভিযোগ রয়েছে, বিভিন্ন ওয়েবসাইট, অনলাইন পোর্টাল ও মোবাইল অ্যাপ ব্যবহার করে নিজের নামে তৈরি ক্যাসিনো আইডির মাধ্যমে তিনি অনলাইন জুয়ার নেটওয়ার্ক পরিচালনা করতেন।

তদন্তে আরও জানা গেছে, তিনি শুধু নিজে জুয়ায় অংশ নিতেন না, বরং স্থানীয় তরুণসহ অনেক সাধারণ মানুষকে অনলাইন ক্যাসিনোয় যুক্ত করতেন। এতে বহু মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, অনলাইন জুয়ার প্রলোভনে পড়ে অনেক পরিবার ঋণের বোঝায় জর্জরিত হয়েছে, এমনকি আত্মহত্যার মতো ঘটনাও ঘটেছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, মাদক ও অনলাইন ক্যাসিনো—উভয়ই সমাজের জন্য বড় অভিশাপ। তাই এসব অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় খোরশেদ আলীর বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।



মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ