Views Bangladesh Logo

জুলাই জাদুঘরের ভাস্কর্যের মুখাবয়ব মুছে ফেলার আহ্বান মামুনুল হকের

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করে সেখানে প্রদর্শিত মানুষের ভাস্কর্যগুলোর মুখাবয়ব মুছে ফেলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

রোববার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

জাদুঘরে প্রদর্শিত ভাস্কর্য প্রসঙ্গে মামুনুল হক বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় ভাস্কর্য নিয়ে তাদের একটি সুস্পষ্ট অবস্থান ছিল। রাষ্ট্রীয় স্থাপনায় মুসলিম সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক মানুষের ভাস্কর্য থাকা উচিত নয় বলেও তারা তখন মত দিয়েছিলেন।

তিনি বলেন, সে জায়গা থেকে শাপলা চত্বরের শহীদদের মুখাবয়ব বাদ দিয়ে তাদের স্মৃতি ও ঘটনাকে চিত্রিত করার পরামর্শ দিচ্ছি।

জুলাই জাদুঘরে দেশের সাম্প্রতিক ইতিহাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা যথাযথভাবে স্থান পায়নি বলেও অভিযোগ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের এই নেতা।

মামুনুল হক বলেন, শেখ হাসিনার শাসনামলে সংঘটিত বড় আন্দোলনগুলোর মধ্যে ২০২১ সালের মোদীবিরোধী আন্দোলন অন্যতম। কিন্তু সেই আন্দোলনের উল্লেখযোগ্য কোনো স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হয়নি। অথচ ওই আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিরা এখনো জীবন্ত ইতিহাস হয়ে আছেন।

এ ছাড়া সীমান্তে ফেলানি হত্যাকাণ্ডের স্মৃতি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাড়ির সামনে বালুর ট্রাক দিয়ে অবরুদ্ধ করে রাখার ঘটনা এবং যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সংঘটিত হত্যাকাণ্ডের স্মৃতিও জাদুঘরে অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।

মামুনুল হক বলেন, দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের ইতিহাস সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বাদ না দিয়ে সেগুলোও যথাযথভাবে তুলে ধরা প্রয়োজন। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এসব ঘটনা ইতিহাসের অংশ হিসেবে তুলে ধরতে হলে জাদুঘরের প্রদর্শনীতে আরও বিস্তৃত পরিসরে বিভিন্ন আন্দোলন ও ঘটনার স্মৃতি সংরক্ষণ করা উচিত।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ