কাউকে মেরে ফেলার অধিকার বিএসএফের নেই: মমতা ব্যানার্জি
আমাদের কেউ অন্যায় না করলেও ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) যদি অর্থ পাচারসংক্রান্ত মামলায় গ্রেপ্তার করে রেখে দেয়, তবে যখন বিএসএফ অন্য দেশের নাগরিকদের খুন করে তখন তার বিরুদ্ধে কেন গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় না? কেন তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে না? বিএসএফের যদি মনে হয় এটা বাংলাদেশি, তবে মামলা করতে পারত বা আইনানুগ ব্যবস্থা নিত। কিন্তু কাউকে মেরে ফেলার অধিকার তো তাদের নেই বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৮ মার্চ) কলকাতার ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে এক সমাবেশে বক্তৃতাকালে সীমান্ত হত্যা প্রসঙ্গে বিএসএফের তীব্র সমালোচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
ভারত-বাংলাদেশ সীমান্তে মানুষ হত্যা নিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের ভূমিকা নিয়ে মমতা ব্যানার্জি বলেন, ‘যদি কেউ অন্যায় করে থাকে তবে তার বিরুদ্ধে বিএসএফ আইনানুগ ব্যবস্থা নিক, মামলা করুক, কিন্তু তা না করে কেন খুন করা হলো? এ হত্যার জন্য বিএসএফের বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ নেওয়া হবে না?'
এ সময় মমতা ব্যানার্জি বলেন, ‘বুধবার বাংলাদেশ থেকে আমাদের পুলিশের কাছে একটা অভিযোগ এসেছে। ইসকনের একজন শিক্ষিত পুরোহিত, তিনি বাংলাদেশি নাগরিক ছিলেন। বিএসএফ নাকি তাকে অত্যাচার করে মেরে ফেলেছে।’
‘এটা কি একটা খারাপ উদাহরণ নয়?’ বলেও প্রশ্ন রাখেন মমতা ব্যানার্জি। তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে আমাদের কাছে আসা অভিযোগে বলা হয়েছে, তোমাদের ওখানে (পশ্চিমবঙ্গে) আমাদের লোককে খুন করা হয়েছে।’
তবে ঠিক কবে পুরোহিত হত্যার ঘটনা ঘটেছে বা সীমান্তের কোন অংশে এই ঘটনা ঘটেছে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানাননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে