তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে মমতার অভিনন্দন
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিশাল জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।
অভিনন্দন বার্তায় মমতা ব্যানার্জি বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি ভালোবাসা ব্যক্ত করে বলেন, “বাংলাদেশে আমার সব ভাই-বোন ও সকল মানুষের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাদের সবাইকে আগাম রমজান মোবারক।”
নির্বাচনী ফলাফল ও বিএনপির জয় প্রসঙ্গে তিনি সরাসরি তারেক রহমানকে ভাই সম্বোধন করে লেখেন, “এই মহান বিজয়ের জন্য আমার তারেক ভাই, তার দল এবং সংশ্লিষ্ট সব দলকে অভিনন্দন। প্রার্থনা করি, আপনারা সবাই ভালো ও সুখে থাকুন।”
দুই ভূখণ্ডের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা স্মরণ করে মুখ্যমন্ত্রী আরও যোগ করেন, “বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক সবসময় সৌহার্দ্যপূর্ণ থাকুক—এই কামনা করি।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মমতা ব্যানার্জির এই পোস্টটি ইতিমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দুই দেশের সাধারণ মানুষ এবং রাজনৈতিক মহলে এটি ইতিবাচক সাড়া ফেলেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে