পড়ে গিয়ে কপাল ফাটল মমতার, হাসপাতালে ভর্তি
নিজের বাড়ির চত্বরে হাঁটার সময় পড়ে গিয়ে কপাল ফাটল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পরে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার রাতে টুইট করে এমনটা জানায় তৃণমূল কংগ্রেস। এ প্রসঙ্গে দলটি জানায়, আজ কালীঘাটের বাসভবন চত্বরে হাঁটছিলেন মুখ্যমন্ত্রী মমতা। সেই সময় কোনোভাবে পড়ে যান তিনি। এতে কপালে চোট পান। গলগল করে রক্ত বেরোতে থাকে। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। চিকিৎসকরা দেখেই কপালে সেলাই করতে হবে বলে জানিয়েছেন। ক্ষত বেশ গভীর বলেই জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মমতার ক্ষত বেশ গভীর। এ জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হচ্ছে। তাঁর সিটি স্ক্যান করানো হবে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
এদিকে মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘বাংলার মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করি।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে