ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও দোকানপাট
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে দেশের মার্কেট, শপিংমল ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার সময় বাড়িয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত দেশের মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।
মঙ্গলবার (১২ মে)এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দোকান মালিক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার সময় বাড়ানোর বিষয়ে সম্মতি দিয়েছে।
তবে সময় বাড়ানো হলেও বিদ্যুতের অপচয় রোধে কিছু শর্ত আরোপ করা হয়েছে। সমিতি জানিয়েছে, কোনো ধরনের অতিরিক্ত আলোকসজ্জা বা অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার করা যাবে না।
ব্যবসায়ীরা বলছেন, ঈদকে কেন্দ্র করে কেনাকাটার চাপ বাড়তে শুরু করেছে। বিশেষ করে অফিস শেষে সন্ধ্যায় ক্রেতাদের ভিড় বেশি হয়। তাই সময় বাড়ানোর সিদ্ধান্তে ব্যবসায়ী ও ক্রেতা—উভয় পক্ষই সুবিধা পাবে।
অন্যদিকে বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি মাথায় রেখে সরকারও সীমিত পরিসরে সময় বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছে বলে জানা গেছে।
প্রতি বছরই ঈদের আগে রাজধানীসহ দেশের বড় শহরগুলোর মার্কেট ও শপিংমলগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। ব্যবসায়ীরা আশা করছেন, বাড়তি সময় পাওয়ায় কেনাকাটার চাপ কিছুটা কমবে এবং বিক্রিও বাড়বে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে