মালিতে খনির সুড়ঙ্গ ধসে নিহত ৭০ ছাড়াল
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সোনার খনিতে সুড়ঙ্গ ধসে ৭৩ জন নিহত হয়েছেন। গত সপ্তাহে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মালি বিশ্বের সবচেয়ে গরীব দেশগুলোর মধ্যে একটি। তবে এটি আফ্রিকার অন্যতম শীর্ষ সোনা উৎপাদনকারী দেশ।
মালির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কাঙ্গাবার স্বর্ণ খনির কর্মকর্তা ওমর সিদিবে এএফপিকে বলেন, ‘গত শুক্রবার দুর্ঘটনাটি ঘটে। এর শুরু হয়েছিল বিকট শব্দ দিয়ে। সোনার খনিটিতে দুই শতাধিক শ্রমিক ছিলেন। উদ্ধার কাজ সমাপ্ত হয়েছে। আমরা ৭৩ জনের মরদেহ উদ্ধার করেছি।’ স্থানীয় কাউন্সিলের পক্ষ থেকেও মৃতের একই সংখ্যার কথা বলা হয়েছে।
মালির খনিবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে মঙ্গলবার জানায়, সোনার খনিতে দুর্ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক মারা গেছে। তবে মন্ত্রণালয়টি তখন নির্দিষ্ট করে কোনো তথ্য দেয়নি। এ দুর্ঘটনার পর মালি সরকার সরকার মৃতদের শোকগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
মালির খনির খাত কানাডার ব্যারিক গোল্ড এবং বি টু গোল্ড, অস্ট্রেলিয়ার রেজোলিউট মাইনিং এবং ব্রিটেনের হামিংবার্ড রিসোর্সের মতো বিদেশি কোম্পানিগুলো দ্বারা নিয়ন্ত্রিত। এ কোম্পানিগুলো রাজনৈতিক অস্থিতিশীলতা সত্ত্বেও মালিতে বছরের পর বছর ধরে কাজ চালিয়ে যাচ্ছে।
সাহারা মরুভূমির দক্ষিণে আফ্রিকার সাহেল অঞ্চলে সোনার খনি একটি বিপজ্জনক ব্যবসা। মানবাধিকার সংস্থাগুলো প্রায়ই এসব খনির কাজে শিশুশ্রমের নিন্দা জানায়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে