মালদ্বীপে ৫ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রীকে মালদ্বীপ প্রেসিডেন্টের চিঠি
মালদ্বীপে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি পাঠিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। মঙ্গলবার (১৭ মার্চ) পাঠানো এক শোকবার্তায় তিনি এই দুঃখ প্রকাশ করেন।
চিঠিতে প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, এই কঠিন সময়ে মালদ্বীপের সরকার ও জনগণ বাংলাদেশের সরকার এবং বিশেষ করে শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছে। তিনি আহতদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেন এবং জানান, মালদ্বীপবাসী ক্ষতিগ্রস্ত সবার পাশে থাকবে।
তিনি আরও উল্লেখ করেন, মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা দেশটির সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এই দুর্ঘটনায় সৃষ্ট ক্ষতি ও বেদনার অংশীদার মালদ্বীপও। একইসঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনাটি গভীরভাবে তদন্ত করার নির্দেশ দিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, গত ১৩ মার্চ মালদ্বীপের রাজধানী মালে থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে ডিগুরাহ দ্বীপের একটি গেস্ট হাউসে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে। এতে সাতজন প্রবাসী বাংলাদেশি গুরুতর দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয় এবং দুইজন এখনও গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে