Views Bangladesh Logo

কোচ ইস্যুতে ইতালিয়ান ফুটবল ফেডারেশন ছাড়লেন মালদিনি ও লিওনার্দো

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ইতালি জাতীয় দলের নতুন কোচ নিয়োগকে কেন্দ্র করে মতবিরোধের জেরে দায়িত্ব ছেড়েছেন দেশটির কিংবদন্তি ফুটবলার পাওলো মালদিনি এবং ব্রাজিলের সাবেক তারকা লিওনার্দো। দায়িত্ব নেওয়ার মাত্র ১৬ দিনের মাথায় টেকনিক্যাল ডিরেক্টর ও উপদেষ্টার পদ থেকে তাদের একযোগে পদত্যাগে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) পরিকল্পনা নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে।

ইতালিয়ান সংবাদমাধ্যম স্কাই স্পোর্ট ইতালিয়া জানিয়েছে, সোমবার এফআইজিসি সভাপতি জোভান্নি মালাগোর কাছে পদত্যাগপত্র জমা দেন মালদিনি ও লিওনার্দো। জাতীয় দলের কোচ হিসেবে আন্দ্রেয়া পিরলোকে নিয়োগ দেওয়ার পক্ষে ছিলেন তারা। তবে রাশিয়ার বেটিং প্রতিষ্ঠান ফনবেটের সঙ্গে পিরলোর বাণিজ্যিক চুক্তিকে ঘিরে রাজনৈতিক ও নীতিগত বিতর্ক তৈরি হওয়ায় ফেডারেশন তাকে নিয়োগ দিতে রাজি হয়নি। এ সিদ্ধান্তের সঙ্গে একমত হতে না পেরে দুজনই দায়িত্ব ছাড়েন।

পিরলোর নাম চূড়ান্ত করার আগে মালদিনি কার্লো আনচেলত্তি ও পেপ গার্দিওলার মতো অভিজ্ঞ কোচদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু তারা দায়িত্ব নিতে আগ্রহী না হওয়ায় পিরলোকেই সবচেয়ে উপযুক্ত প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে লিওনার্দো থিয়াগো মোত্তার নামও প্রস্তাব করেছিলেন। তবে সেই প্রস্তাবও ফেডারেশনের সমর্থন পায়নি।

পরপর তিনটি বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ ইতালির ফুটবলকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যেই মালদিনি ও লিওনার্দোকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু মাত্র ১৬ দিনের মধ্যেই তাদের পদত্যাগে জাতীয় দলের নতুন কোচ নিয়োগ প্রক্রিয়া আবারও অনিশ্চয়তায় পড়ে গেছে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ