বাংলাদেশ সফর স্থগিত করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
‘অনিবার্য পরিস্থিতির’ কারণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নির্ধারিত বাংলাদেশ ও থাইল্যান্ড সফর স্থগিত করেছে দেশটির সরকার।
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ সফরের নতুন তারিখ ও সময় দুই দেশের পারস্পরিক সুবিধা অনুযায়ী নির্ধারণ করা হবে।
দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং উচ্চপর্যায়ের যোগাযোগ বাড়ানোর অংশ হিসেবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ঢাকায় স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ। আগামী ৭ ও ৮ ডিসেম্বর তার বাংলাদেশ সফরের কথা ছিল।
এদিকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ দুই অংশীদার মালয়েশিয়া ও মালদ্বীপের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়িয়েছে বাংলাদেশ। অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, অভিবাসী কর্মীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি, আঞ্চলিক যোগাযোগ জোরদার এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়া এসব আলোচনার অন্যতম লক্ষ্য।
অন্যদিকে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর তিন দিনের বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছে। তিনি আগামী ১৩ ডিসেম্বর ঢাকায় আসতে পারেন এবং ১৬ ডিসেম্বর ভোরে ঢাকা ছাড়ার কথা রয়েছে।
চলতি বছরের জুনে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটি সফর করেন। দায়িত্ব গ্রহণের পর সেটিই ছিল তার প্রথম বিদেশ সফর।
এর আগে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।
২০২৪ সালের ৪ অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক নতুন গতি পায়। ওই সফরে তিনি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। পরে ২০২৬ সালের এপ্রিলে আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানালে দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়।
দুই দেশের আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, জনশক্তি, হালাল অর্থনীতি, কৃষি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, প্রতিরক্ষা, ডিজিটাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর ও অবকাঠামো খাত গুরুত্ব পেয়েছে। রোহিঙ্গা সংকট এবং আঞ্চলিক সহযোগিতার বিষয়ও আলোচনায় স্থান পেয়েছে।
মতামত দিন