Views Bangladesh Logo

তারেক রহমানকে ফোন দিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় দুই দেশের সরকারপ্রধানের মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মিডিয়া সেল।

ফোনালাপে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের নতুন সরকারকে অভিনন্দন জানান এবং ঢাকার সঙ্গে কুয়ালালামপুরের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির পথে মালয়েশিয়াকে অন্যতম সহযোগী হিসেবে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একযোগে কাজ করার এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, এর আগে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, ভারতের প্রধানমন্ত্রী এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধানরা বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।


প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাকে শপথবাক্য পাঠ করার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এর আগে ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সংসদের ৩০০ আসনের মধ্যে দুটি আসনের নির্বাচনের ফলাফল স্থগিত রয়েছে এবং প্রার্থী মারা যাওয়ায় একটি আসনের নির্বাচন বাতিল হয়েছে। বাকি ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯, জামায়াত ৬৮, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন, খেলাফত মজলিস একটি করে আসনে এবং ৭টি আসনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ