মালয়েশিয়ার শ্রমবাজার শিগগিরই চালু হবে: কর্মসংস্থানমন্ত্রী
সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজার শিগগিরই চালু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সোমবার (১৮ মে) ঢাকা সফররত কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কর্মসংস্থানমন্ত্রী আরও বলেন, ‘সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ চলছে।’
উল্লেখ্য, ২০২৪ সাল থেকে মালয়েশিয়ায় বাংলাদেশের জনশক্তি বাজার বন্ধ রয়েছে। তৎকালীন মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী, আগে থেকে অনুমোদন পাওয়া কর্মীদের ওই বছরের ৩১ মে’র মধ্যে দেশটিতে প্রবেশ করতে হতো এবং এরপর কর্মী ভিসায় আর কারো ঢোকার সুযোগ ছিল না। ওই সময়সীমার পর থেকে দেশটিতে নতুন কোনো কর্মী যেতে পারেননি এবং পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের কয়েক দফা চেষ্টা সত্ত্বেও এই শ্রমবাজার উন্মুক্ত করা সম্ভব হয়নি।
তবে বিএনপি সরকার গঠনের পর গুরুত্বপূর্ণ এই জনশক্তি বাজারটি আবার চালুর জন্য নতুন করে উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বাজারটি উন্মুক্ত করার বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা করতে গত এপ্রিলে মালয়েশিয়া সফর করেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে