জনশক্তি সহযোগিতা জোরদারে ঢাকায় মালয়েশিয়ার উচ্চপর্যায়ের প্রতিনিধিদল
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে জনশক্তি খাতে সহযোগিতা আরও সম্প্রসারণ এবং দক্ষ কর্মী নিয়োগের সুযোগ বাড়ানোর লক্ষ্যে মালয়েশিয়ার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় এসেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ সফরের মাধ্যমে দুই দেশের শ্রমবাজারভিত্তিক সহযোগিতায় নতুন গতি সৃষ্টি হবে।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত প্রায় ২টার দিকে প্রতিনিধিদলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে বোয়েসেলের পক্ষ থেকে তাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
প্রতিনিধিদলকে স্বাগত জানান বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক। এ সময় তিনি প্রতিনিধিদলের প্রধানের হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেন।
বোয়েসেল জানিয়েছে, সফরকালে দুই দেশের মধ্যে জনশক্তি রপ্তানি, দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগ, শ্রমবাজার সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এসব আলোচনা ভবিষ্যতে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং মালয়েশিয়ার শ্রমবাজারে প্রবেশ আরও সহজ করতে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সংস্থাটি আরও জানায়, বাংলাদেশ ও মালয়েশিয়ার বিদ্যমান জনশক্তি সহযোগিতাকে আরও কার্যকর ও টেকসই করার লক্ষ্যেই এ সফরের আয়োজন করা হয়েছে। বিশেষ করে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি পাঠানোর ক্ষেত্রে উভয় দেশের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে।
প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানানোর সময় বোয়েসেলের মহাব্যবস্থাপক নূর আহমেদ, উপব্যবস্থাপক সাঈদ সালেহীন এবং বিমানবন্দরের ওয়েলফেয়ার ডেস্কের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
মতামত দিন