আগস্টের শেষ সপ্তাহে বাংলাদেশিদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার
দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী আগস্টের শেষ সপ্তাহ থেকে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে। দুই দেশের নীতিগত ঐকমত্যের ভিত্তিতে সব খাতের শ্রমিকদের মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
বৃহস্পতিবার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহ্দী আমিন বলেন, আগামী আগস্টের শেষ সপ্তাহ থেকেই বাংলাদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় যাওয়া শুরু হবে—এমন বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি জানান, শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে দুই দেশ নীতিগতভাবে একমত হয়েছে এবং নতুন ও আধুনিক প্রক্রিয়ায় দ্রুত শ্রমিক পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় সব খাতেই বাংলাদেশি কর্মীদের নিয়োগের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে। খুব শিগগিরই দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কারিগরি কার্যক্রম শুরু করবে এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার হাইকমিশন যৌথভাবে পুরো প্রক্রিয়া এগিয়ে নেবে।
মাহ্দী আমিন জানান, প্রথম ধাপের কর্মী নিয়োগে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বোয়েসেলকে অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি অভিবাসন ব্যয় কমানো, দক্ষ জনশক্তি তৈরি এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।
তিনি দালাল ও অসাধু চক্রের বিষয়ে সতর্ক করে বলেন, দেশে ফিরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে কোনো প্রার্থী প্রতারণার শিকার না হন। শ্রমিকদের ধৈর্য ধরে সরকারি নির্দেশনা অনুযায়ী আবেদন করার আহ্বানও জানান তিনি।
রিক্রুটিং এজেন্সির বিষয়ে মাহ্দী আমিন বলেন, বর্তমান সমঝোতা স্মারকের আওতায় মালয়েশিয়া নিজস্ব যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা নির্ধারণ করবে। দুর্নীতি, সিন্ডিকেট ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত কোনো এজেন্সিকে নতুন তালিকায় রাখা হবে না বলেও বাংলাদেশ সরকার মালয়েশিয়াকে জানিয়েছে।
তিনি আরও বলেন, শ্রমবাজার পুনরায় চালুর পাশাপাশি দুই দেশের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জ্বালানি সহযোগিতা জোরদারে আলোচনা চলছে। বিশেষ করে বাংলাদেশের গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান পেট্রোনাসের সঙ্গে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরীসহ হাইকমিশনের কর্মকর্তারা।
মতামত দিন