‘মহাজাদু’ গানে তারেক রহমানের মালয়েশিয়া সফরের ভিডিও, ভাইরাল নেট দুনিয়ায়
দায়িত্ব নেওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর অনুষ্ঠিত বৈঠকে খোলামেলা আলোচনায় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় উঠে আসে। আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল অর্থনীতি, শিক্ষা, মানবপুঁজি, কৃষি, হালাল শিল্প এবং কর্মশক্তি ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার প্রচেষ্টার ওপর গুরুত্ব দেওয়া হয়।
তারেক রহমানের পুরো সফরের একটি ভিডিও চিত্র প্রকাশ পেয়েছে আনোয়ার ইব্রাহিমের ভেরিফায়েড ফেসবুক পেজে। আজ মঙ্গলবার সকালে প্রকাশিত ভিডিওটি এখন নেট দুনিয়ায় আলোচনায়। কারণ, ভিডিওটির ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের গাওয়া ‘মহাজাদু’ গান। এটি কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের ষষ্ঠ গান এবং কোক স্টুডিও বাংলায় হাবিবের প্রথম গান।
ভিডিওতে তারেক রহমানকে মালয়েশিয়ায় বরণ করে নেওয়া থেকে তার পুরো সফর উঠে এসেছে। চার ঘণ্টায় ভিডিওটি দেখা হয়েছে ১২ লাখের বেশিবার। ১৫ হাজার শেয়ারের সঙ্গে ভিডিওতে মন্তব্য করেছেন সাড়ে পাঁচ হাজারের বেশি নেটিজন।
সংগীতশিল্পী ও সুরকার হাবিব ওয়াহিদের সঙ্গে ‘মহাজাদু’ গানটি গেয়েছেন তাজিক শিল্পী মেহরনিগরি রুস্তম। গানটির কথা লিখেছেন কবি খোয়াজ মিয়া, যিনি দুর্বিন শাহর শিষ্য ছিলেন। প্রায় এক দশকের ক্যারিয়ারে ‘গুল’, ‘নিগিন আনোর’, ‘আনার আনার’সহ বেশ কয়েকটি আলোচিত গান উপহার দিয়েছেন মেহরনিগরি রুস্তম।
ভিডিওতে আনোয়ার ইব্রাহিমকে রোহিঙ্গা সংকট নিয়েও বলতে শোনা যায়। তিনি বলেন, ‘অবশ্যই, যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা বাংলাদেশ এবং এখানে (মালয়েশিয়ায়) থাকা রোহিঙ্গা শরণার্থীদের সংকট সমাধানের চেষ্টা করব।’ তিনি আরও বিলেন, ‘একই সঙ্গে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের কার্যালয় এবং আসিয়ানের মাধ্যমে আমরা মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব, যাতে এই সমস্যার আংশিক সমাধান করা যায়।’
আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়নের ওপর মতবিনিময় প্রসঙ্গে আনোয়ার ইব্রাহিম বলেন, ‘এর জন্য সংলাপ, শান্তি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের একটি ধারাবাহিক পদ্ধতির প্রয়োজন।’ দক্ষিণ এশিয়ায় গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, আর্থিক উন্নয়ন ও উভয় দেশের মানুষের কল্যাণের জন্য সহযোগিতার এখনও অনেক সম্ভাবনা রয়েছে। তিনি বিশ্বাস করেন, এই আলোচনা মালয়েশিয়া-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করবে এবং ভবিষ্যতে সহযোগিতার জন্য আরও সুযোগ উন্মুক্ত করবে।
মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে গতকাল সোমবার বিকেলে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্থানীয় সময় সোমবার বিকেল পাঁচটায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দালিয়ান রওনা হন।
মতামত দিন