তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এক বিশেষ বিবৃতিতে তিনি এই জয়কে 'গণতন্ত্রের বিজয়' হিসেবে আখ্যায়িত করেছেন।
আনোয়ার ইব্রাহিম তার বার্তায় উল্লেখ করেন, “এই বিজয় গণতন্ত্রের বিজয়। নানা প্রতিকূলতা ও অসাধারণ চ্যালেঞ্জ অতিক্রম করে বাংলাদেশের জনগণ ব্যালটের মাধ্যমে তাদের সুস্পষ্ট মতামত প্রকাশ করেছে।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, জনগণের এই শক্তিশালী রায় বাংলাদেশের গণতান্ত্রিক চর্চাকে আগামীতে আরও সুসংহত ও শক্তিশালী করবে।
অভিনন্দন বার্তায় আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও তার ‘প্রিয় বন্ধু’ ড. মুহাম্মদ ইউনূসের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার প্রশংসা করে তিনি বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তার (ড. ইউনূস) নেতৃত্ব ও তত্ত্বাবধান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”
বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন গতি ও শক্তি দিতে উভয় দেশ এখন থেকে একযোগে কাজ করবে।
সবশেষে মালয়েশিয়ার জনগণের পক্ষ থেকে বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভ্রাতৃত্বের বার্তা পৌঁছে দেন তিনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে