Views Bangladesh Logo

বাংলাদেশের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খুলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে তিনি জানান।

শ্রমবাজার নিয়ে আলোচনার জন্য গত বুধবার মালয়েশিয়া সফরে যান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও উপদেষ্টা মাহদী আমিন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর শ্রমবাজার নিয়ে আলোচনায় এটিই প্রথম সফর।

বৃহস্পতিবার মালয়েশিয়ার পুত্রজায়ায় দুই দেশের মধ্যে শ্রম অভিবাসন বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। মালয়েশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির মানবসম্পদ মন্ত্রী দাতো শ্রী রমনন রামকৃষ্ণন এবং বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বৈঠকে মালয়েশিয়ার খাতভিত্তিক চাহিদার ওপর ভিত্তি করে বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার দ্রুত খুলে দেওয়া এবং ন্যায্য, নৈতিক ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে উভয় পক্ষ একমত হয়। এর মধ্যে রয়েছে মধ্যস্থতাকারী ও অভিবাসন খরচ কমানো, যোগ্য নিয়োগকারী সংস্থা ব্যবহার এবং আটকে পড়া শ্রমিকদের নিয়োগ দ্রুত সহজতর করা।

পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সভার শুরুতে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানান এবং সুবিধাজনক সময়ে তাকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে মালয়েশিয়ার পক্ষ থেকে এআই-ভিত্তিক একটি প্রযুক্তি-চালিত নিয়োগ ব্যবস্থা চালুর উদ্যোগের কথা জানানো হয়। এর লক্ষ্য মধ্যস্থতাকারী কমানো ও অভিবাসন খরচ হ্রাস করা এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নির্দেশিকা অনুযায়ী নিয়োগকর্তারা যেন সম্পূর্ণ খরচ বহন করেন তা নিশ্চিত করা। বাংলাদেশের পক্ষ থেকে এই ডিজিটাল প্ল্যাটফর্ম বাস্তবায়নে পূর্ণ সমর্থনের কথা জানানো হয়।
এছাড়া বৈঠকে শিক্ষা খাতে সহযোগিতা, শিক্ষক বিনিময় ও দক্ষতা উন্নয়নসহ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ