জঙ্গি সন্দেহে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো মাসুদ দুই দিনের রিমান্ডে
জঙ্গি সম্পৃক্ততার সন্দেহে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো মাসুদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা বৃহস্পতিবার পুলিশের আবেদনের পর এটি অনুমোদন দেন।
বিমানবন্দর থানার এসআই আমিনুল ইসলাম মাসুদুরকে আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করেন।
পুলিশের আবেদনে বলা হয়, মাসুদ মালয়েশিয়ায় থাকাকালে হামাস, তালেবান এবং আল-কায়েদার বিভিন্ন ভিডিও ফেসবুকে পোস্ট করায় জঙ্গি সম্পৃক্ততার সন্দেহে সে দেশের পুলিশ তাকে আটক করে। পরে মালয়েশিয়া পুলিশ তাকে বাংলাদেশে ফেরত পাঠায় এবং বুধবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হস্তান্তর করে।
বাংলাদেশ পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে মাসুদ স্বীকার করেন, তিনি মালয়েশিয়ায় থাকাকালে হামাস ও তালেবানসহ আল-কায়েদার পক্ষে পোস্ট করেছেন, তবে সরাসরি কোনো যোগাযোগ বা কার্যক্রমে অংশ নেননি।
পুলিশি আবেদনে উল্লেখ করা হয়, ‘এই আসামি বাংলাদেশের কোনো নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত কিনা, ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নিষিদ্ধ কার্যক্রম পরিচালনা করেছেন কিনা, জঙ্গি কার্যক্রমের অর্থায়ন কারা করছে এবং আন্তর্জাতিক নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখার জন্য রিমান্ড প্রয়োজন।’
রাষ্ট্রপক্ষের শুনানি শেষে বিচারক তাকে দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। আদালতে মাসুদুর রহমানের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে