বিমান দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগই শিক্ষার্থী: প্রেস উইং
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তরের প্রেস উইং। নিহতদের বেশিরভাগই শিক্ষার্থী।
তবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। অন্যদিকে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল এক সংবাদ সম্মেলনে জানান, মৃতের সংখ্যা ১৯ জন।
প্রেস উইং জানায়, দুর্ঘটনায় আহত হয়েছেন ১০০ জনের বেশি। এর মধ্যে ৮৩ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আইএসপিআর জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান।
এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে, সরকার ২২ জুলাই, মঙ্গলবার এক দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। এ দিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং দেশের বিদেশি মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে