গণভোটের ফলাফলে বড় সংশোধনী, প্রায় ১১ লাখ ভোট কমল
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী সংবিধান সংস্কার বা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে বড় ধরনের সংশোধনী এনেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন গেজেট অনুযায়ী, পূর্বে ঘোষিত ফলাফলের তুলনায় ‘হ্যাঁ’ ও ‘না’—উভয় ভোটের সংখ্যাই কমেছে।
বৃহস্পতিবার প্রকাশিত অতিরিক্ত গেজেটে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সংশোধিত তথ্য জানান।
ইসির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’–এর বিষয়ে জনগণের সম্মতি যাচাই করতে গত ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হয় এবং ১৩ ফেব্রুয়ারি এর ফলাফল গেজেটে প্রকাশিত হয়েছিল।
আগের ঘোষিত ফলাফল
‘হ্যাঁ’ ভোট: ৪ কোটি ৮২ লাখ ৬৬০
‘না’ ভোট: ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬
মোট প্রদত্ত ভোট: ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩
বাতিল ভোট: ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭
মোট বৈধ ভোট: ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬
সংশোধিত ফলাফল
‘হ্যাঁ’ ভোট: ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০
‘না’ ভোট: ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১
মোট প্রদত্ত ভোট: ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭
বাতিল ভোট: ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬
মোট বৈধ ভোট: ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১
সংশোধিত হিসাবে দেখা গেছে, ‘হ্যাঁ’ ভোট কমেছে ৯ লাখ ৭৪ হাজার ৬৮০টি এবং ‘না’ ভোট কমেছে ১ লাখ ১১ হাজার ৪৯৫টি। মোট প্রদত্ত ভোট কমেছে ১০ লাখ ৭৩ হাজার ৬১৬টি। তবে বাতিল ভোটের সংখ্যা বেড়েছে ১২ হাজার ৫৫৯টি।
নির্বাচন কমিশন সংশোধনের সুনির্দিষ্ট কারণ উল্লেখ না করলেও জানিয়েছে, কমিশনের আদেশক্রমেই সংশোধনী গেজেট প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, এই গণভোটের মাধ্যমেই ‘জুলাই জাতীয় সনদ’-এর সাংবিধানিক বৈধতা ও জনসম্মতি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে