Views Bangladesh Logo

চার মন্ত্রণালয়ে সচিব পদে রদবদল, নতুন নিয়োগ দিল সরকার

সরকার প্রশাসনের উচ্চপর্যায়ে রদবদলের অংশ হিসেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে। এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন বৃহস্পতিবার (৬ আগস্ট) জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব মো. ওবায়দুর রহমানকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি শিল্প মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছিলেন। সম্প্রতি অবসরে যাওয়া মো. নজরুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জেসমিন নাহারকে সচিব পদে পদোন্নতি দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, এ মন্ত্রণালয়ের বিদায়ী সচিব মো. সাখাওয়াত হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

এ ছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে বদলি করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত সচিব মো. মাহবুবুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে এ রদবদল এবং নতুন পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তারা অবিলম্বে তাদের নতুন দায়িত্ব গ্রহণ করবেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ