জ্বালানি তেলের দামে বড় ধরনের পরিবর্তন আসছে: নসরুল হামিদ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নতুন স্বয়ংক্রিয় পদ্ধতিতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে দাম সমন্বয়ের মধ্য দিয়ে বৃহস্পতিবার থেকে বাংলাদেশে জ্বালানি তেলের দামে বড় ধরনের পরিবর্তন আসছে।
বুধবার (৬ মার্চ) চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের বিভিন্ন চলমান প্রকল্প পরিদর্শনে যান প্রতিমন্ত্রী নসরুল হামিদ। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি বলেন, “আগামীকাল থেকে বাংলাদেশের জ্বালানি তেলের দামে বিরাট পরিবর্তন আসতে যাচ্ছে। এরপর থেকে প্রতি মাসের প্রথম সপ্তাহে দাম নির্ধারণ করা হবে। স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা ও পরিচালনা চালু করতে পারলে সেখানেও খরচ সাশ্রয় হবে। বিশ্ববাজারে যদি কোনো পরিবর্তন না হয় তাহলে তেলের ক্ষেত্রে দাম আরও কমে আসবে।
তবে দাম কতটা কমবে, সেটা স্পষ্ট করেননি জ্বালানি প্রতিমন্ত্রী।
প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসের প্রথম দিনেই প্রতি মাসে দাম সমন্বয়ের নির্দেশনা প্রকাশ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। সেই নির্দেশনায় চলতি মাস থেকেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানির দাম পুনঃনির্ধারণের ঘোষণা দেওয়া হয়।
বর্তমানে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১০৯ টাকা, পেট্রোল ১২৫ টাকা এবং অকটেন ১৩০ টাকায় বিক্রি কর করা হচ্ছে।
মতামত দিন