Views Bangladesh Logo

আইফোন ১৮ প্রো-তে আসছে বড় পরিবর্তন, যেসব ফিচার নিয়ে জোর গুঞ্জন

 VB  Desk

ভিবি ডেস্ক

অ্যাপলের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন আইফোন ১৮ প্রো নিয়ে প্রযুক্তি বিশ্বে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিভিন্ন নির্ভরযোগ্য টিপস্টার ও সাপ্লাই চেইন সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শরতে অনুষ্ঠিতব্য অ্যাপলের বার্ষিক পণ্য উন্মোচন অনুষ্ঠানে সবচেয়ে বেশি আলোচনায় থাকতে পারে বহুল প্রতীক্ষিত ফোল্ডেবল আইফোন। এর পাশাপাশি উন্মোচন করা হতে পারে আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্স।

প্রযুক্তিবিষয়ক একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল এবারও ৬ দশমিক ৩ ইঞ্চির আইফোন ১৮ প্রো এবং ৬ দশমিক ৯ ইঞ্চির আইফোন ১৮ প্রো ম্যাক্স বাজারে আনতে পারে। অন্যদিকে স্ট্যান্ডার্ড আইফোন ১৮ মডেলের বাজারে আসতে ২০২৭ সালের প্রথম দিক পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

ডিজাইনে বড় পরিবর্তনের সম্ভাবনা কম
প্রকাশিত বিভিন্ন লিক অনুযায়ী, আইফোন ১৮ প্রো সিরিজের বাহ্যিক নকশায় খুব বড় ধরনের পরিবর্তন নাও আসতে পারে। অ্যাপলের পরিচিত ট্রিপল ক্যামেরা ডিজাইনই বজায় থাকবে। তবে ম্যাগসেফ চার্জিং অংশের আশপাশে সিরামিক শিল্ডে আংশিক স্বচ্ছ (ট্রান্সপারেন্ট) নকশা দেখা যেতে পারে বলে দাবি করেছেন টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন। যদিও অ্যাপল এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য দেয়নি।

এদিকে আরেক পরিচিত টিপস্টার আইস ইউনিভার্স দাবি করেছেন, আইফোন ১৮ প্রো ম্যাক্সের পুরুত্ব সামান্য বেড়ে প্রায় ৮ দশমিক ৮ মিলিমিটার হতে পারে। ফলে ফোনটির ওজনও কিছুটা বাড়তে পারে।

সবচেয়ে বড় পরিবর্তন ক্যামেরায়

বিশ্লেষকদের মতে, গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় ক্যামেরা আপগ্রেড দেখা যেতে পারে আইফোন ১৮ প্রো সিরিজে। অ্যাপল বিশ্লেষক মিং-চি কুওর তথ্য অনুযায়ী, প্রথমবারের মতো আইফোনে ভেরিয়েবল অ্যাপারচার প্রযুক্তি যুক্ত হতে পারে। এর মাধ্যমে ব্যবহারকারী প্রয়োজন অনুযায়ী লেন্সে প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারবেন। ফলে অতিরিক্ত আলোতে ছবি নষ্ট হওয়ার ঝুঁকি কমবে এবং ছবির ডেপথ অব ফিল্ড ও মান আরও উন্নত হবে।

এ ছাড়া অন্তত একটি প্রো মডেলে স্যামসাংয়ের উন্নত থ্রি-লেয়ার স্ট্যাকড ইমেজ সেন্সর ব্যবহারের সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। এতে কম আলোয় ছবি তোলার সক্ষমতা, ডায়নামিক রেঞ্জ এবং নয়েজ নিয়ন্ত্রণ আগের তুলনায় আরও উন্নত হতে পারে।

ছোট হতে পারে ডায়নামিক আইল্যান্ড
আগের গুঞ্জনে বলা হয়েছিল, আইফোন ১৮ প্রোতে পুরোপুরি আন্ডার-ডিসপ্লে ফেস আইডি প্রযুক্তি ব্যবহার করবে অ্যাপল। তবে সাম্প্রতিক তথ্য বলছে, প্রযুক্তিটি এখনো পুরোপুরি প্রস্তুত নয়।

এর পরিবর্তে ডায়নামিক আইল্যান্ড আরও ছোট করা হতে পারে। আইস ইউনিভার্সের শেয়ার করা তথ্য অনুযায়ী, বর্তমান প্রজন্মের তুলনায় ডায়নামিক আইল্যান্ডের আকার প্রায় ৩৫ শতাংশ কমে যেতে পারে, ফলে ব্যবহারকারীরা স্ক্রিনে আরও বেশি জায়গা পাবেন।

এ২০ চিপে বাড়বে গতি, কমবে বিদ্যুৎ খরচ
আইফোন ১৮ প্রো সিরিজের সবচেয়ে বড় হার্ডওয়্যার পরিবর্তন হতে পারে নতুন এ২০ চিপসেট। ধারণা করা হচ্ছে, এটি বিশ্বের সবচেয়ে বড় চিপ নির্মাতা টিএসএমসির ২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি হবে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, নতুন এই প্রসেসর আগের প্রজন্মের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি পারফরম্যান্স দিতে পারে। একই সঙ্গে প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করবে, যা ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন ফিচার আরও দ্রুত পরিচালনায় সহায়ক হবে।

তবে এসব তথ্যই এখন পর্যন্ত বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র, বিশ্লেষক ও টিপস্টারদের প্রকাশিত লিকের ওপর ভিত্তি করে। অ্যাপল আনুষ্ঠানিকভাবে আইফোন ১৮ প্রো সিরিজের কোনো ফিচার বা উন্মোচনের তারিখ এখনো নিশ্চিত করেনি। তাই চূড়ান্ত পণ্য বাজারে আসার আগে এসব তথ্যের কিছু পরিবর্তন হতে পারে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ