Views Bangladesh Logo

মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় ‘মৈত্রীস্তম্ভ’ উদ্বোধন

মুক্তিযুদ্ধে আত্মদানকারী ভারতীয় মিত্রবাহিনীর সদস্যদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত ‘মৈত্রীস্তম্ভ’ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক মো. আবুসাঈদ স্মৃতিস্তম্ভটির উদ্বোধন করেন। পরে এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

জানা গেছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতীয় মিত্রবাহিনীর আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে আশুগঞ্জের কামাউড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মৈত্রীস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে ৭২ কোটি টাকা।

উদ্বোধনের পর জেলা প্রশাসক মো. আবুসাঈদ মৈত্রীস্তম্ভের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পরে আনুষ্ঠানিকভাবে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়।

মৈত্রীস্তম্ভ পরিদর্শনে দর্শনার্থীদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ ও ৩০ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসকের সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে, আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে মুক্তিবাহিনীর সঙ্গে ভারতীয় মিত্রবাহিনীর সদস্যরাও অংশ নেন। মুক্তিযুদ্ধের সময় ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন অঞ্চলে যুদ্ধে ভারতীয় মিত্রবাহিনীর ১ হাজার ৬৬১ জন সদস্য নিহত হন। তাদের আত্মত্যাগের স্মৃতি ধরে রাখতেই নির্মিত হয়েছে এই মৈত্রীস্তম্ভ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ