Views Bangladesh Logo

সংসদ ভবনের মূল প্রবেশপথ ‘জেনারেল এম এ জি ওসমানী গেট’ নামকরণ

জাতীয় সংসদ ভবনের মূল প্রবেশপথের নামকরণ করা হয়েছে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানীর নামে। গতকাল বুধবার রাতে সংসদ ভবনের এই প্রবেশপথে ‘জেনারেল এম এ জি ওসমানী গেট’ নামফলক বসানো হয়।

গণপূর্ত অধিদপ্তরের শেরেবাংলা নগর বিভাগ ১-এর নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজ গণমাধ্যমকে বলেন, সংসদ সচিবালয়ের নির্দেশে বুধবার রাতে গেটে নামফলক বসানো হয়েছে।

মেরুন রঙের বড় নামফলকে সাদা অক্ষরে লেখা ‘জেনারেল এম এ জি ওসমানী গেট’ নামফলকটি সংসদ ভবনের ওই প্রবেশপথের ওপর স্থাপন করা হয়েছে, যেটি দিয়ে মূলত সংসদ সদস্যরা যাতায়াত করেন।

গেটের সামনে নিরাপত্তা তল্লাশির ব্যবস্থা রয়েছে। সেখানে টার্নস্টাইল, স্ক্যানিং পয়েন্ট এবং শুধু সংসদ সদস্যদের প্রবেশের নির্দেশনা-সংবলিত সাইনবোর্ড দেখা গেছে। ভেতরে সভা ও অতিথি কার্ড প্রদর্শন সংক্রান্ত আরেকটি নির্দেশনাও টাঙানো রয়েছে।

মুক্তিযুদ্ধে এম এ জি ওসমানী ছিলেন বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি। ১৯৭১ সালের ১১ এপ্রিল গঠিত প্রবাসী সরকারের কাঠামোয় তিনি এই দায়িত্ব পান। স্বাধীনতার পর তিনি জেনারেল পদে উন্নীত হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ