হাদি হত্যার প্রধান আসামি কলকাতায় গ্রেপ্তার
রাজধানীর পল্টনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত প্রধান দুই আসামিকে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আটককৃতরা হলেন- রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের গণমাধ্যম এই সময়।
গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীতে তার মৃত্যু হয়।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, হামলাকারীদের মধ্যে একজনকে ফয়সাল করিম মাসুদ হিসেবে শনাক্ত করা হয়।
অন্তর্বর্তী সরকার তাকে গ্রেপ্তারে সহায়তার জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল।
ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এর আগে ফয়সাল করিম মাসুদ, তার মালিকানাধীন প্রতিষ্ঠান অ্যাপল সফট আইটি লিমিটেড এবং তার পরিবারের সদস্যদের সব ব্যাংক হিসাব জব্দ করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় কোনো অর্থায়ন ছিল কি না তা খতিয়ে দেখতে এবং সম্ভাব্য অর্থ স্থানান্তর বা গোপন করার চেষ্টা ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে ৬ জানুয়ারি ১৭ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।
তবে মামলার বাদী ১৫ জানুয়ারি আদালতে ওই অভিযোগপত্রের বিষয়ে নারাজি আবেদন দেন। এরপর আদালত অধিকতর তদন্তের নির্দেশ দিয়ে মামলাটি সিআইডিকে হস্তান্তর করেন এবং প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এদিকে, এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ইতোমধ্যে ছয়বার পেছানো হয়েছে বলে জানা গেছে। তদন্ত কার্যক্রম এখনো চলমান রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে