বিপর্যয়ের মুখেও মাহমুদউল্লাহ দারুণ সেঞ্চুরি
কেন তাকে ‘সাইলেন্ট কিলার’ ডাকা হয় সেটা আরেকবার বুঝিয়ে দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। মঙ্গলবার মুম্বাইয়ের ওয়েংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলকে অবশ্য জেতাতে পারেননি, তবে বাঁচিয়েছেন বড় লজ্জার হাত থেকে। ৮১ রানে ৬ উইকেট হারানো দলটাকে টেনে নিয়ে গেছেন ২৩৩ পর্যন্ত।
প্রোটিয়াদের দেওয়া ৩৮৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তানজিদ হাসান তামিম (১২), নাজমুল হোসেন শান্ত (০), অধিনায়ক সাকিব আল হাসান (১), মুশফিকুর রহীম (৮), লিটন কুমার দাস (২২) ও মেহেদী হাসান মিরাজ প্যাভিলিয়নে ফিরেন স্কোরবোর্ডে ৮১ রান উঠতেই। এরপর মাহমুদউল্লাহ লড়াইটা শুরু করেন নাসুমকে নিয়ে, সপ্তম উইকেটে গড়েন ৪১ রানের জুটি। ১৯ রান করে নাসুম বিদায় নিলে ক্রিজে আসেন হাসান মাহমুদ। অষ্টম উইকেটে আরো ৩৭ রান যোগ করেন মাহমুদউল্লাহ-হাসান মাহমুদ (১৫)।
মুস্তাফিজের সঙ্গে নবম উইকেটে ৬৮ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ। এই জুটিতেই ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ শতক পূরণ করেন মাহমুদউল্লাহ। শেষ পর্যন্ত ১১১ বলে ৪টি ছক্কা ও ১১টি চারের সাহায্যে ১১১ রান করে থামেন মাহমুদউল্লাহ। ওয়ানডেতে মাহমুদউল্লাহ যে চারটি শতক হাঁকিয়েছেন, এর তিনটিই এসছে বিশ্বকাপে।
মাহমুদউল্লাহর এমন বীরত্বের পরও ১৪৯ রানের পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। এবারের বিশ্বকাপে এটি বাংলাদেশের টানা চতুর্থ পরাজয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে