Views Bangladesh Logo

অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর হচ্ছেন মাহমুদউল্লাহ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের মেন্টর হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে এই নিয়োগ চূড়ান্ত হয়েছে বলে বিসিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ঘরোয়া ক্রিকেট খেলার পাশাপাশি এই দায়িত্ব পালন করবেন তিনি।

২০২৮ সালে বাংলাদেশে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ পর্যন্ত যুব দলের সঙ্গে কাজ করার সুযোগ পেতে পারেন মাহমুদউল্লাহ। বিসিবির বর্তমান নীতিনির্ধারকরা জাতীয় দল থেকে অবসর নেওয়া অভিজ্ঞ ক্রিকেটারদের বয়সভিত্তিক দলে যুক্ত করার চেষ্টা করছেন। এরই ধারাবাহিকতায় কিছুদিন আগে সাবেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাককে বিসিবির হাই-পারফরম্যান্স ইউনিটের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিসিবির একজন কর্মকর্তা বলেন, যুব ক্যাম্প চলাকালে মাহমুদউল্লাহ সাত দিন ক্যাম্পে থেকে খেলোয়াড়দের গাইড করবেন এবং দেশে-বিদেশে সিরিজ বা টুর্নামেন্টেও দলের সঙ্গে থাকবেন। তিনি বলেন, মাহমুদউল্লাহ এই বয়সের খেলোয়াড়দের সঙ্গে জাতীয় দলে খেলেছেন, তাই তার অভিজ্ঞতা ও সম্মান দুটোই কাজে আসবে।

২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন মাহমুদউল্লাহ। ৫০টি টেস্টে ২ হাজারের বেশি রান ও ৪৩ উইকেট, ২৩৯টি ওয়ানডেতে ৫ হাজার ৬৮৯ রান ও ৯২ উইকেট এবং টি-টোয়েন্টিতে ২ হাজার ৪৪৪ রান ও ৪১ উইকেট তার ক্যারিয়ারের সম্বল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেটে এখনও সক্রিয় তিনি। বিপিএলে রংপুর রাইডার্স এবং ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ