বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার রাতে বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
বিমানবন্দরে কর্মরত একাধিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, মাহদীকে বিদেশ যেতে দেওয়া হয়নি এবং তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে। বিদেশ ভ্রমণের বিষয়ে তার ওপর আপত্তি রয়েছে বলেও কর্মকর্তারা জানিয়েছেন।
মাহদী হাসান নিজেও গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাত ৯টা ৩৫ মিনিটে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে তার জামাইকা যাওয়ার কথা ছিল। তবে বিমানবন্দরে যাওয়ার পর তাকে বিদেশ যেতে দেওয়া হয়নি।
মাহদীর দাবি, তার বিরুদ্ধে থাকা সব মামলায় তিনি জামিনে রয়েছেন। এরপরও তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।
বিদেশে যেতে হলে আদালতের অনুমতি নেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে তাকে পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান মাহদী। পরে তিনি বিমানবন্দর এলাকা থেকে চলে যান।
তবে মাহদীকে আটকে দেওয়ার বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মতামত দিন