প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও প্রেস সচিব শিবলী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) দাফতরিক তথ্য প্রচার ও সরবরাহের জন্য মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ শিবলী। রোববার (৫ এপ্রিল) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ২৮(৪) অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয় সংশ্লিষ্ট যেকোনো তথ্য প্রেস, মিডিয়া বা অন্য মাধ্যমে প্রচারের ক্ষেত্রে এই দুই কর্মকর্তা মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।
মাহদী আমিন বর্তমানে প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন এবং দীর্ঘদিন তারেক রহমানের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।
অন্যদিকে, আবু আব্দুল্লাহ এম ছালেহ (শিবলী) দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও গণমাধ্যম ব্যবস্থাপনায় যুক্ত। তিনি ইউএনবি, দৈনিক মানবজমিন, বাংলাবাজার পত্রিকা ও চ্যানেল আইসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। এছাড়া তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে কলকাতায় বাংলাদেশ উপ-হাই কমিশনে ফার্স্ট সেক্রেটারি (প্রেস) এবং বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব হিসেবেও কাজ করেছেন।
এখন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় সংক্রান্ত যেকোনো আনুষ্ঠানিক বক্তব্য বা তথ্য এই দুই মুখপাত্রের মাধ্যমেই গণমাধ্যমে সরবরাহ করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে