Views Bangladesh Logo

বাংলাদেশে আরও বেশি মার্কিন বিনিয়োগের আহ্বান মাহদি আমিনের

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদি আমিন বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের জন্য যুক্তরাষ্ট্রের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সরকার সমান সুযোগ নিশ্চিত, নীতিগত স্থিতিশীলতা বজায় রাখা এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে।

শনিবার (৪ জুলাই) যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) এবং ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহদি আমিন বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হিসেবে সরকার বেসরকারি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিনিয়োগ সহজ করতে প্রয়োজনীয় সব ধরনের নীতিগত সহায়তা দেওয়া হবে।

তিনি বলেন, স্বচ্ছতা, জবাবদিহি, সুশাসন ও আইনের শাসন নিশ্চিত করে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে সরকার কাজ করছে। বৃহৎ অভ্যন্তরীণ বাজার, তরুণ কর্মশক্তি এবং ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণির কারণে বাংলাদেশে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, মুনাফা সহজে দেশে ফিরিয়ে নেওয়ার সুযোগ, উদার অর্থনৈতিক নীতি এবং অর্থনৈতিক অঞ্চল, শিল্পপার্ক ও হাইটেক পার্কে কর-সুবিধাসহ বিনিয়োগবান্ধব নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, প্রযুক্তি ও দক্ষতা হস্তান্তর, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় শিল্পের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে তারা বাংলাদেশের উন্নয়নে আরও বড় ভূমিকা রাখতে পারে।

মাহদি আমিন বলেন, বিমান চলাচল, জ্বালানি, তথ্যপ্রযুক্তি, বস্ত্র, ওষুধশিল্প, কৃষিভিত্তিক রপ্তানি এবং ফ্লাইট ইঞ্জিনিয়ারিং খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ও সহযোগিতার উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত দক্ষ বাংলাদেশি পেশাজীবীদের দেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নে সম্পৃক্ত করে ‘ব্রেইন ড্রেইন’কে ‘ব্রেইন সার্কুলেশন’-এ রূপান্তর করতে হবে। পাশাপাশি নতুন ব্যবসার সুযোগ তৈরিতে বিনিয়োগ রোডশো আয়োজন এবং যুক্তরাষ্ট্রের কোম্পানি ও সরকারের নীতিনির্ধারকদের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানান তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ