সারা দেশে সাড়ম্বরে পালিত হচ্ছে মহাসপ্তমী
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। বৃহস্পতিবার সকাল থেকে সারা দেশের মন্দিরে মন্দিরে দেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ ও বিহিত পূজার মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।
মূলত আজ থেকে শুরু হচ্ছে দেবী-দর্শন, ভক্তদের অঞ্জলি। সন্ধ্যায় থাকছে মন্দিরগুলোয় আরতি। মহাসপ্তমীতে সকাল থেকেই রয়েছে ভক্তদের ভিড়। সন্ধ্যা থেকে দর্শনার্থীর ভিড় আরও বাড়বে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পঞ্জিকা অনুযায়ী, আজ ১০ অক্টোবর মহাসপ্তমী, ১১ অক্টোবর মহাষ্টমী ও ১২ অক্টোবর মহানবমী। এরপর ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সমাপ্তি ঘটবে শারদীয় দুর্গোৎসবের।
শাস্ত্রমতে, এবার দেবীর আগমন ঘটছে দোলায়। দেবী ফিরে যাবেন ঘোড়ায় চড়ে। এ বছর সারা দেশের প্রায় ৩২ হাজার পূজা মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।
সারা দেশে এ বছর ৩১ হাজার ৪৬১টি মণ্ডপে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে। ঢাকা মহানগরে এ বছর ২৫২টি পূজা অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে, শারদীয় দুর্গাপূজাকে ঘিরে রাজধানীসহ সারা দেশে উৎসবের আমেজ শুরু হয়েছে। সরকারের নির্বাহী আদেশে একদিনসহ টানা চার দিনের সরকারি ছুটি উৎসবের আমেজ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
দুর্গাপূজা উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশের প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসার, বিজিবি, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। দায়িত্বপালন করবেন সেনাবাহিনীর সদস্যরাও।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে